বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২০ জুন) হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর এবার পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে খেলবে কার্লো আনচেলত্তির দল।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোনেও ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির সঙ্গে সরাসরি খেলা দেখাবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
ডিজিটাল মাধ্যমে ম্যাচটি উপভোগের সুযোগ থাকছে কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মে। নির্ধারিত সাবস্ক্রিপশন থাকলে টফি, বায়োস্কোপ, মাই রবি এবং আইস্ক্রিন অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখা যাবে।
এদিকে ইনজুরির কারণে হাইতির বিপক্ষেও খেলতে পারবেন না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিল কোচের পরিকল্পনা অনুযায়ী, নেইমারকে পুরোপুরি সুস্থ করে রাউন্ড অফ-৩২ পর্বে মাঠে নামানো হতে পারে। ফলে হাইতির বিপক্ষে তাকে ছাড়াই একাদশ সাজাতে হবে সেলেসাওদের।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন