ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৯:১৩ পিএম
ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বিশ্বকাপ মানেই সাধারণ ফুটবলপ্রেমী থেকে শুরু করে বোদ্ধাদের আলোচনার কেন্দ্রে থাকে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো পরাশক্তিরা। তবে এবারের ২০২৬ বিশ্বকাপ আসরে সম্পূর্ণ ভিন্ন সুর তুলেছেন সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তাঁর মতে, এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র (ইউএসএ)।

চলতি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে তারা। মার্কিন দলটির এমন দুর্দান্ত পারফরম্যান্সই মুগ্ধ করেছে ফক্স স্পোর্টসের প্যানেলিস্ট হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিমোভিচকে।

ম্যাচ-পরবর্তী আলোচনায় জ্লাতান বলেন, আগে যদি বিশ্বাস না করে থাকেন, তবে এখন বিশ্বাস করতে শুরু করুন। পুরো দেশ এই দলটির পেছনে আছে। আর যখন এমন সমর্থন পাশে থাকে, তখন যেকোনো দলের জন্যই তাদের হারানো কঠিন হয়ে যায়। আজ তারা দারুণ খেলেছে। সত্যি বলতে, অস্ট্রেলিয়া তাদের জন্য কোনো হুমকিই তৈরি করতে পারেনি।

বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের বর্তমান ছন্দ ও আত্মবিশ্বাসকে অনেক দূর যাওয়ার বড় অস্ত্র হিসেবে দেখছেন এই কিংবদন্তি স্ট্রাইকার। জ্লাতান আরও বলেন, আমি আগেও বলেছি, বিশ্বকাপের আগে কী হয়েছে সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এখন মাঠে কী হচ্ছে। এই মুহূর্তে তাদের যে গতি ও আত্মবিশ্বাস আছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। ম্যাচ বাই ম্যাচ এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে তারা আরও সামনে এগিয়ে যাবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথমে ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরে মার্কিন ডিফেন্ডার অ্যালেক্স ফ্রিম্যানের চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে ১৯৩০ সালের পর (দীর্ঘ ৯৬ বছর পর) প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে টানা দুই ম্যাচ জয়ের এক ঐতিহাসিক কীর্তি গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র।

ব্রাজিল, আর্জেন্টিনা বা ইউরোপের বড় দলগুলোর নাম না নিয়ে ইব্রাহিমোভিচের এমন প্রকাশ্য সমর্থন ও প্রশংসা ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্বাগতিকদের এই জয়রথ শেষ পর্যন্ত কত দূর নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।

জেএইচআর