ফুটবলারের পা ভেঙে নিষিদ্ধ হলেন কাতারের মাদিবো

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৩:৪৫ পিএম
ফুটবলারের পা ভেঙে নিষিদ্ধ হলেন কাতারের মাদিবো

কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনের গুরুতর চোটের ঘটনায় কাতারের ফুটবলার আসিম মাদিবোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ফিফা। গুরুতর ফাউলের দায়ে তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে সংস্থাটির শৃঙ্খলা রক্ষা কমিটি।

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিট পর মাদিবোর ট্যাকলের শিকার হন কোনে। ওই ফাউলের ফলে তার বাম পা ভেঙে যায়। ঘটনার পরপরই মাদিবো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এবং তাকে বেশ ভেঙে পড়া অবস্থায় দেখা যায়।

পরবর্তী চিকিৎসা পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, ২৪ বছর বয়সী ইসমাইল কোনের বাম পায়ের নিচের অংশের টিবিয়া ও ফিবুলা-দুই হাড়ই ভেঙে গেছে। ফলে বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। ইতালিয়ান ক্লাব সাসুওলোর এই ফুটবলার ম্যাচ শেষে ভ্যাঙ্কুভারে অস্ত্রোপচার করান।

ঘটনার তদন্ত শেষে ফিফা শৃঙ্খলা রক্ষা কমিটি মাদিবোর বিরুদ্ধে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে কাতারের।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর মাদিবো হাসপাতালে গিয়ে কোনের খোঁজখবর নেন। তার এই মানবিক উদ্যোগ ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কাতার।

এম জি