বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম পরীক্ষায় সফলভাবে ‘পাস’ করেছে ব্রাজিল। রাউন্ড অব থার্টি-টু বা শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাওদের এবারের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। তবে শেষ আটের টিকিট পেতে হলে তাদের পার হতে হবে রাউন্ড অব সিক্সটিন বা শেষ ষোলোর কঠিন বাধা।
ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ। গত রাতে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে নরওয়ে। ফলে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিল।
আগামী ৫ জুলাই (রোববার) বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহারণ অনুষ্ঠিত হবে।
এদিকে টুর্নামেন্টের গ্রুপ পর্ব পেরিয়ে আসা দলগুলোর সম্ভাব্য পরবর্তী পথও স্পষ্ট হয়ে গেছে। নরওয়েকে হারিয়ে শেষ ষোলোর বৈতরণী পার হতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী ইংল্যান্ড। তবে ইংল্যান্ড যদি কোনো কারণে কোয়ার্টার ফাইনালের আগে বাদ পড়ে, সে ক্ষেত্রে মেক্সিকো, ইকুয়েডর কিংবা ডিআর কঙ্গোর মধ্যে যেকোনো এক দলের মুখোমুখি হবে ব্রাজিল। আর কোয়ার্টার ফাইনাল টপকে যেতে পারলে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচের প্রবল সম্ভাবনা রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন