৮ বছর পর মিলে গেল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:২২ পিএম
৮ বছর পর মিলে গেল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ডিয়েগো ম্যারাডোনা শুধু মাঠের নৈপুণ্যের জন্যই নন, বিভিন্ন সময় দেওয়া মন্তব্যের কারণেও আলোচনায় থেকেছেন। ২০১৮ সালে বিশ্বকাপকে ঘিরে দেওয়া তার একটি মন্তব্য ২০২৬ বিশ্বকাপে এসে নতুন করে আলোচনায় উঠেছে। বর্তমান আসরে ‘হাইড্রেশন ব্রেক’-এর সময় বিজ্ঞাপন প্রচারের ঘটনাকে অনেকেই ম্যারাডোনার সেই মন্তব্যের সঙ্গে মিলিয়ে দেখছেন।

২০১৮ সালে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা যুক্তরাষ্ট্রে ফুটবলের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ম্যাচকে ২৫ মিনিট করে চারটি কোয়ার্টারে ভাগ করার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তার ভাষায়, বিজ্ঞাপনের সুবিধার জন্যই এমন ভাবনা এসেছিল।

যদিও বর্তমান বিশ্বকাপে ম্যাচ চার ভাগে ভাগ করা হয়নি, তবে হাইড্রেশন ব্রেকের সময় বিজ্ঞাপন সম্প্রচার হওয়ায় অনেকের মতে, বাণিজ্যিক স্বার্থের বিষয়টি এখন আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে ম্যারাডোনার আট বছর আগের সেই মন্তব্য।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক দেশগুলোর একটি মেক্সিকো নিয়েও তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতেই বিশ্বকাপ জেতা ম্যারাডোনা বলেছিলেন, বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা মেক্সিকোর নেই। তার দাবি ছিল, শক্তিশালী দলগুলোর মুখোমুখি হলেই তারা সাধারণত টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। ম্যারাডোনার মতে, যুক্তরাষ্ট্রে ফুটবল নিয়ে প্রকৃত আবেগের ঘাটতি রয়েছে। আর কানাডা প্রসঙ্গে তিনি মন্তব্য করেছিলেন, দেশটির মানুষ ফুটবলের চেয়ে শীতকালীন খেলাধুলাতেই বেশি দক্ষ।

২০২৬ বিশ্বকাপ চলাকালে ম্যারাডোনার পুরোনো এসব মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ফুটবলপ্রেমীদের একাংশ মনে করছেন, সময়ের ব্যবধানে তার কিছু পর্যবেক্ষণ বাস্তবতার সঙ্গে বিস্ময়করভাবে মিলে গেছে।

এএন