সংবাদ সম্মেলন চলাকালে বাবার মৃত্যুসংবাদ পেলেন কোচ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:০৪ পিএম
সংবাদ সম্মেলন চলাকালে বাবার মৃত্যুসংবাদ পেলেন কোচ

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে উঠার আগেই আরও বড় এক ব্যক্তিগত শোকের মুখোমুখি হলেন ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাবার। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়ই তিনি জানতে পারেন, তার বাবা মারা গেছেন। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো সংবাদ সম্মেলন।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ডিআর কঙ্গো। ম্যাচ শেষে নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন কোচ সেবাস্তিয়ান দেসাবার। ঠিক সেই সময় দলের মিডিয়া অফিসার হঠাৎ সংবাদ সম্মেলন থামিয়ে জানান, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের কোচ তার বাবাকে হারিয়েছেন। আমরা তার প্রতি গভীর সমবেদনা জানাই।’

অপ্রত্যাশিত এ সংবাদ শুনে কয়েক মুহূর্তের জন্য নির্বাক হয়ে যান দেসাবার। কী বলবেন বুঝে উঠতে না পেরে কিছুক্ষণ নীরব থাকেন। পরে সংক্ষিপ্তভাবে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমাকে ক্ষমা করবেন।’ এরপরই তিনি সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন এবং সেখানেই প্রেস ব্রিফিংয়ের সমাপ্তি ঘটে।

পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার হচ্ছিল। ফলে মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, সংবাদ সম্মেলন শেষ করেই সেবাস্তিয়ান বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। বাবার শেষকৃত্যে অংশ নিতে তিনি নিজ দেশে ফিরে যাচ্ছেন। তবে দলের বাকি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা আগেই নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরবেন।

সেবাস্তিয়ান দেসাবারের অধীনেই বিশ্বকাপে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় দলটি। শুধু তাই নয়, বিশ্বকাপে নিজেদের প্রথম গোল, প্রথম জয় এবং প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার কৃতিত্বও আসে তার কোচিংয়ে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও শুরুটা ছিল স্বপ্নের মতো। ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো এবং প্রথমার্ধজুড়ে ইংল্যান্ডকে বেশ চাপে রাখে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ইংল্যান্ড। অন্যদিকে, ঐতিহাসিক এক বিশ্বকাপ অভিযান শেষ হয় ডিআর কঙ্গোর।

এএন