নরওয়ের বিপক্ষে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। বিশ্বকাপে এখন পর্যন্ত সীমিত সময় মাঠে নামা এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে এবারও বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে প্রয়োজনের মুহূর্তে তাকে বদলি হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই নকআউট লড়াইকে সামনে রেখে আনচেলত্তি স্পষ্ট করেছেন, নেইমার পুরোপুরি ম্যাচের জন্য প্রস্তুত থাকলেও তাকে শুরু থেকেই খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, "অবশ্যই নেইমার খুশি নয়। প্রতিটি ফুটবলারেরই ইচ্ছা থাকে শুরু থেকে মাঠে নামার। তবে সে পরিস্থিতি বুঝতে পারছে। নিয়মিত ভালো অনুশীলন করছে এবং দলের ভেতরে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সতীর্থদের কাছেও সে অত্যন্ত সম্মানিত একজন খেলোয়াড়।"
ডান পায়ের কাফ পেশির চোট নিয়েই এবারের বিশ্বকাপে অংশ নিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ধীরে ধীরে তিনি ফিটনেস ফিরে পেলেও পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় পৌঁছেছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় কোচিং স্টাফ।
এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলতে প্রস্তুত। তবে সে কতক্ষণ খেলতে পারবে, সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা ও সামর্থ্য তার রয়েছে। দলের যখন প্রয়োজন হবে, তখনই তাকে মাঠে নামানো হবে।"
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে খেলেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট মাঠে নেমেছিলেন তিনি।
অন্যদিকে পরিসংখ্যানও ব্রাজিলের জন্য খুব একটা আশাব্যঞ্জক নয়। নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও একবারও জয় পায়নি সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর বাকি দুটি জিতেছে নরওয়ে। এছাড়া ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয়ও পায়নি ব্রাজিল।
তবে অতীতের এসব পরিসংখ্যানকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ আনচেলত্তি। তার ভাষায়, "নরওয়ের বিপক্ষে ম্যাচ সবসময়ই কঠিন হয়। তারা রক্ষণভাগে খুবই সংগঠিত একটি দল। আমরা সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। ম্যাচে গোল হজম করতে হলেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটাও আমাদের জানা আছে।"
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন