চলতি ফুটবল বিশ্বকাপে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি তীব্র গরম ও আর্দ্রতা দলগুলোর জন্য অদৃশ্য বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টসাধ্য জয়ের ম্যাচটিতে গরমের কারণে বেশ কাহিল হয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে বড় একটি স্বস্তির খবর পেয়েছে আলবিসেলেস্তেরা।
আগামীকাল আটলান্টায় স্থানীয় সময় দুপুর ১২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মিশর ও আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য মাঠের লড়াইটা মোটেও সহজ হবে না। তবে স্টেডিয়ামের কন্ডিশনের কারণে কেপ ভার্দে ম্যাচের চেয়ে এবার শারীরিক খাটুনি ও ক্লান্তি অনেকটাই কম হবে তাদের।
ম্যাচটির ভেন্যু আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। আধুনিক এই স্টেডিয়ামটি সম্পূর্ণ এয়ার কন্ডিশন্ড (শীতাতপ নিয়ন্ত্রিত), যার ফলে মাঠের ভেতরের আবহাওয়া খেলোয়াড়দের জন্য কোনো সমস্যা তৈরি করবে না। ডালাসে অনুষ্ঠিত অস্ট্রিয়া ও জর্ডান ম্যাচের ভেন্যুর মতো এখানেও প্রয়োজন অনুযায়ী ছাদ খোলা বা বন্ধ করার স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন বাইরের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা খুব একটা ভোগান্তিতে ফেলবে না দলগুলোকে।
উল্লেখ্য, কেপ ভার্দের বিপক্ষে আগের ম্যাচে অতিরিক্ত আর্দ্রতা ও ভ্যাপসা গরমের কারণে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় মাসল ক্র্যাম্প বা পেশির টানে ভুগেছিলেন। বিশেষ করে ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেশ ভুগতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে আটলান্টার নিয়ন্ত্রিত ইনডোর কন্ডিশন ও আবহাওয়ার পূর্বাভাস নিশ্চিতভাবেই স্বস্তি দিচ্ছে আর্জেন্টাইন শিবিরে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন