পতাকা হাতে নিয়ে মিশরকে সম্মান জানালেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:১৫ পিএম
পতাকা হাতে নিয়ে মিশরকে সম্মান জানালেন ফিফা সভাপতি

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের হাইভোল্টেজ লড়াই উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার সেই নাটকীয় ম্যাচটিও সরাসরি গ্যালারিতে বসে দেখেছিলেন, যেখানে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিজের জন্মভূমি সুইজারল্যান্ডের ম্যাচ দেখতে এলেও ইনফান্তিনো কিন্তু বিদায় নেওয়া মিশরের প্রতি অনন্য সম্মান প্রদর্শন করেছেন। স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিনি মিশরের জাতীয় পতাকা হাতে তুলে নেন এবং সেখানে উপস্থিত মিশরীয় সমর্থকদের সাথে হাসিমুখে ছবি তোলেন। পাশাপাশি তাদের সাথে কিছুক্ষণ কথাও বলেন ফিফা প্রধান।

বিশ্বকাপের নকআউট পর্ব থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মিশরের এমন ঐতিহাসিক ও লড়াকু পারফরম্যান্সের প্রতি শ্রদ্ধা জানাতেই ইনফান্তিনো এই আচরণ করেছেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের কাছ থেকে পাওয়া এই আচরণকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে মিশরের প্রধান কোচ হোসাম হাসান এবং দলের ফুটবলাররা যে তীব্র ক্ষোভ ও অভিযোগ তুলেছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ফিফা সভাপতি। উল্লেখ্য, ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ রেফারিং সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে বলে দাবি করেছে মিশর এবং এই বিষয়ে ইতোমধ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক তদন্তের দাবিও জানিয়েছে উত্তর আফ্রিকার দেশটি।

জেএইচআর