যুক্তরাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হঠাৎ বরখাস্ত করল ফিফা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:২২ পিএম
যুক্তরাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হঠাৎ বরখাস্ত করল ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র দলের দুই শীর্ষ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বরখাস্ত হওয়া এই দুই কর্মকর্তা হলেন- যুক্তরাষ্ট্রের টিম ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।

ফিফার ডিসিপ্লিনারি প্রিভিউ বা শাস্তিমূলক তালিকার তথ্য ফাঁসের পর এই বরখাস্তের বিষয়টি প্রথম সামনে আসে। তবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই শাস্তির কোনো নির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট করেনি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জয় পাওয়ার পর ফিফার অফিশিয়াল ম্যাচ প্রোটোকল লঙ্ঘন এবং অননুমোদিত (রেস্ট্রিক্টেড) এলাকায় প্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফুটবল বিশ্লেষকদের অনেকের ধারণা, ওই ম্যাচে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফলোরিন বালোগুনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সাথে এই সাজার কোনো যোগসূত্র থাকতে পারে। কারণ, বালোগুন মাঠ থেকে বহিষ্কৃত হওয়ার পরও ড্রেসিংরুম ছেড়ে পুনরায় মাঠে ফিরে সতীর্থদের সাথে জয়ের উদযাপন করেছিলেন, যা ফিফার কঠোর শৃঙ্খলা বিধি অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে ইউএস সকার ফেডারেশন এক বিবৃতিতে দাবি করেছে, কর্মকর্তাদের এই বরখাস্তের সাথে বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা কিংবা বেলজিয়ামের বিপক্ষে তাঁকে খেলানোর চেষ্টার কোনো সম্পর্ক নেই। ইউএস সকার ফেডারেশন দুই কর্মকর্তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা পুরো বিষয়টি ফিফার নিজস্ব এখতিয়ারভুক্ত বলে এড়িয়ে গেছে। একই সাথে ফিফাও এই সিদ্ধান্তের বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো পাবলিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, বরখাস্ত হওয়া দুই কর্মকর্তাই মার্কিন ফুটবল দলের অন্যতম নীতি-নির্ধারক। স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ফেডারেশনের সাথে যুক্ত এবং ২০২০ সাল থেকে জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, দলের নিরাপত্তার দায়িত্বে থাকা ফ্র্যাঙ্ক প্যানেল একজন হাই-প্রোফাইল কর্মকর্তা, যাঁর অতীতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA) এবং সিক্রেট সার্ভিসের মতো সংস্থায় দীর্ঘ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

জেএইচআর