নেইমারকে কিংবদন্তি বলে ক্ষমা চাইলেন নরওয়ের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:১৩ পিএম
নেইমারকে কিংবদন্তি বলে ক্ষমা চাইলেন নরওয়ের গোলরক্ষক

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে বিদায় করার পরও প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আলোচনায় এসেছেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে পুরোনো সেই ম্যাচের স্মৃতি মনে করে নেইমারের কাছে ক্ষমাও চেয়েছেন নরওয়ের এই গোলরক্ষক।

বিশ্বকাপের সেই আলোচিত ম্যাচটি ব্রাজিল সমর্থকদের জন্য ছিল হতাশার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন থামিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। ওই ম্যাচে নরওয়ের জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড।

তবে ঐতিহাসিক সেই জয়ের স্মৃতি স্মরণ করলেও এবার নিয়ল্যান্ডের বার্তায় উঠে এসেছে প্রতিপক্ষের প্রতি সম্মান ও বিনয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ব্রাজিলের কিংবদন্তি নেইমার জুনিয়রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন মন্তব্য করেন।

নিয়ল্যান্ড লেখেন, “আমি কখনোই সেই ম্যাচটি ভুলব না। ব্রাজিল ছিল আমাদের বিপক্ষে খেলা অন্যতম সেরা দল। নেইমার এখনও আমার কাছে একজন কিংবদন্তি, আর আমি আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন।”

নরওয়ের গোলরক্ষকের এই মন্তব্য ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। যদিও তিনি তার পোস্টে নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করেননি, তবে ‘ক্ষমা’ চাওয়ার বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

অনেকের ধারণা, ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের পেনাল্টি নেওয়ার সময় তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির বিষয়টি মাথায় রেখেই নিয়ল্যান্ড এমন মন্তব্য করেছেন। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ব্রাজিলকে হারিয়ে নরওয়ের বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় তৈরি হলেও, সেই জয়ের নায়ক হয়েও নিয়ল্যান্ড প্রতিপক্ষকে ছোট না করে নেইমারের মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের প্রতি সম্মান দেখিয়েছেন। তার এই আচরণকে অনেকেই ক্রীড়াসুলভ মানসিকতার উদাহরণ হিসেবে দেখছেন।

নিয়ল্যান্ডের পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল ও নেইমার সমর্থকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। ফুটবল বিশ্লেষকদের মতে, মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও খেলোয়াড়দের পারস্পরিক সম্মানই ফুটবলের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।

এএন