বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে লাস ভেগাসের জুয়ার আসরে নেইমার

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১১:১০ এএম
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে লাস ভেগাসের জুয়ার আসরে নেইমার

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ধাক্কা সামলাতে এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক রাজকীয় ক্যাসিনোয় দেখা গেল ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। হতাশা কাটিয়ে কিছুটা স্বস্তি খুঁজতেই তিনি বিশ্বখ্যাত পোকার প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার’ (ডব্লিউএসওপি)-এ অংশ নিয়েছেন।

তবে ক্যাসিনোর এই আসরেও খুব বেশি দূর এগোতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১০ হাজার মার্কিন ডলার বাই-ইনের মেইন ইভেন্ট থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে। ইতিমধ্যে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নেইমারের ক্যাসিনো খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, পোকার খেলায় নেইমার একদম নতুন নন। এর আগে ২০২৫ সালেও একই টুর্নামেন্টে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত খেলেছিলেন। বাস্তবের পাশাপাশি সুযোগ পেলেই অনলাইনেও নিয়মিত পোকার খেলেন ব্রাজিলিয়ান এই ফুটবল সুপারস্টার।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের ঠিক এক সপ্তাহের মাথায় নেইমারের এই পোকার খেলার ভিডিও প্রকাশ করে টুর্নামেন্টের আয়োজকরা লিখেছেন, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-এ স্বাগতম, নেইমার।’ আয়োজকরা নিশ্চিত করেছে, বিশ্বকাপ মিশন শেষে লাস ভেগাসে এসে তিনি ১০ হাজার মার্কিন ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নেন।

জেএইচআর