ফাইনালের আগে আঙুলের চোট নিয়ে দুঃসংবাদ দিলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:৫৬ এএম
ফাইনালের আগে আঙুলের চোট নিয়ে দুঃসংবাদ দিলেন মার্তিনেজ

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে নিজের শারীরিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তিনি জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগেই ডান হাতের অনামিকা আঙুলে চিড় ধরেছিল। এখনো প্রতিদিন ব্যথা অনুভব করলেও অস্ত্রোপচার না করিয়ে মাঠে খেলার সিদ্ধান্তেই অনড় রয়েছেন তিনি।

ফাইনালের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, চিকিৎসকদের পরামর্শ ছিল অস্ত্রোপচার করানোর। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের একাধিক বিশেষজ্ঞ একই মত দিলেও তিনি সেই পথ বেছে নেননি। চোটের কারণে গ্রুপ পর্বে ঠিকভাবে অনুশীলনও করতে পারেননি। তবে নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে তিনি আর সেই ব্যথাকে গুরুত্ব দেননি এবং এখন নিজেকে অনেকটাই স্বস্তিতে অনুভব করছেন বলে জানান।

দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পর অবসরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে তিনি পরিষ্কার করে বলেন, অতীতে এমন আলোচনা হলেও এখন তার পুরো মনোযোগ ফাইনালের দিকে। দলের দীর্ঘদিনের পরিশ্রম ও উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে উদযাপনের চেয়ে শিরোপা জেতাই সবচেয়ে বড় লক্ষ্য।

কাতার বিশ্বকাপের তুলনায় এবারের আসর তিনি বেশি উপভোগ করছেন বলেও জানান এই অভিজ্ঞ গোলরক্ষক। তার ভাষ্য, সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে পরে তিনি নিজের সেরাটা দিতে পেরেছিলেন। এবার বল পায়ে খেলতেও আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং ফাইনালেও হাসিমুখেই মাঠে নামবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিজের মানসিক দৃঢ়তার বিষয়েও কথা বলেন মার্তিনেজ। তিনি বলেন, প্রতিপক্ষ গোল করলেও তা তাকে ভেঙে দেয় না। ম্যাচের যেকোনো পরিস্থিতিতে তিনি নিজের ওপর আস্থা রাখেন এবং সেই আত্মবিশ্বাস সতীর্থদের মাঝেও ছড়িয়ে দিতে চেষ্টা করেন।

ফাইনালে প্রতিপক্ষ স্পেনকে নিয়েও উচ্চ প্রশংসা করেছেন তিনি। মার্তিনেজ বলেন, স্পেন শুধু লামিন ইয়ামালের দল নয়, তাদের পুরো স্কোয়াডই শক্তিশালী। দক্ষ কোচের অধীনে তারা দারুণ ফুটবল খেলছে বলেই ফাইনালে উঠেছে। তবে আর্জেন্টিনাও নিজেদের সামর্থ্যের ওপর পুরোপুরি বিশ্বাস রাখছে। তার আশা, শিরোপা নির্ধারণী ম্যাচটি দীর্ঘদিন ফুটবলপ্রেমীদের স্মৃতিতে থাকবে।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালকে জাতীয় দলের হয়ে সবচেয়ে উপভোগ্য ম্যাচগুলোর একটি বলে উল্লেখ করেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। একই সঙ্গে তিনি বলেন, আবারও বিশ্বকাপ জিততে পারলে দেশের মানুষের আনন্দ উদযাপন কেমন হবে, তা কেবল কল্পনা করা যায়।

গোলরক্ষকের দায়িত্ব প্রসঙ্গে মার্তিনেজের মন্তব্য, একজন গোলকিপারের কাজ শুধু বল ঠেকানো নয়; রক্ষণভাগকে নেতৃত্ব দেওয়া এবং পুরো দলকে আত্মবিশ্বাস জোগানোও তার দায়িত্ব। গোলরক্ষক শান্ত থাকলে দলের অন্য খেলোয়াড়রাও নিজেদের খেলায় আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন।

সবশেষে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মার্তিনেজ জানান, স্কালোনি তাকে বলেছিলেন—যে অবস্থাতেই থাকুন না কেন, তিনি দলে তাকে চান। এই বিশ্বাসই তার কাছে যেকোনো ব্যক্তিগত অর্জনের চেয়েও বড়। আর ফাইনালে ব্যক্তিগতভাবে ব্যস্ত না থাকলেও দল শিরোপা জিতলে সেটিই হবে তার সবচেয়ে বড় সাফল্য।

এএন