আর্জেন্টিনা থেকে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১২:১৬ পিএম
আর্জেন্টিনা থেকে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপেই লিওনেল মেসিকে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবার দেখা যাবে, এতদিন এমন ধারণাই ছিল ভক্তদের। ৩৯ বছর বয়সেও সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দেন মেসি। বিশ্বকাপের এই আসরে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে টুর্নামেন্ট শেষ করেন তিনি।

ফাইনালে স্পেনের কাছে হৃদয়বিদারক হারের পরও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরাসরি মুখ খোলেননি আর্জেন্টাইন অধিনায়ক। কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দরজা তাঁর জন্য সবসময় খোলা রাখার কথা বললেও, আর্জেন্টিনার সংবাদমাধ্যমে উঠে এসেছে এই কিংবদন্তির অবসরের নতুন সম্ভাব্য সময়সীমা।

আর্জেন্টাইন বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড আগামী কয়েক মাস জাতীয় দলের প্রতিনিধিত্ব চালিয়ে যেতে চান, যাতে দলে পরিবর্তনের প্রক্রিয়াটি মসৃণ হয়। তবে এটি এখন অনেকটাই স্পষ্ট যে, আলবিসেলেস্তেদের হয়ে আরও একটি বিশ্বকাপ অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। খুব শিগগিরই হয়তো নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন মেসি।

বিইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ এবং জমকালো বিদায়ী ম্যাচের আয়োজনের পরিকল্পনা করছে। এর মাধ্যমে ভক্ত-সমর্থকেরা আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় জানানোর সুযোগ পাবেন।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সময়ে এসেছে অভাবনীয় সব মোড়। তিনিই আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল এক স্বর্ণযুগ। মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনা জেতে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। সেই ধারাবাহিকতায় এবারও দলকে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত টেনে নেন তিনি।

বিশ্ব ফুটবলের বড় তারকাদের বিদায় সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বার্তা বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মুহূর্তটি যে তাঁর অনবদ্য ক্যারিয়ারের মতোই স্মরণীয় ও জমকালো হতে যাচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে।

জেএইচআর