বিনোদন প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৬:৫৫ পিএম
নতুন একটি ছবির শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জসিম উদ্দিন জাকির পরিচালিত এই ছবির শিরোনাম ‘মায়া : দ্য লাভ’। সম্প্রতি এর চিত্রায়ণে অংশ নিয়েছেন নায়িকা।
পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ‘অনেক দিন ধরে সিনেমাটির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। শুটিং-পূর্ববর্তী কাজে সন্তুষ্ট না হয়ে আমরা কেউই এই স্বপ্নের প্রকল্পের কাজ শুরু করতে চাইনি। তাই আপাতত আমরা গানের শুটিং দিয়ে ক্যামেরা চালু করলাম। আমি আশাবাদী সবাই মিলে দর্শকদের মন ছুঁয়ে যাবার মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব।’
শবনম বুবলী বলেন, ‘এই ছবির কাহিনি আমার ভালো লেগেছে। আমার চরিত্রটিও সুন্দর। এখানে নিজের অভিনয় মেলে ধরার সুযোগ রয়েছে। তাই কাজটি করছি। আমার বিশ্বাস, এটি চমৎকার একটি ছবি হবে। দর্শকদের উপভোগ করার মতো হলেই আমাদের স্বার্থকতা।’ ছবিতে বুবলীর নায়ক রোশান। পরবর্তী লটে যোগ দেবেন আনিসুর রহমান মিলন ও সাইমন সাদিকসহ আরো অনেকে।
উল্লেখ্য, প্রথম দিন গানের শুটিংয়ের ফাঁকে সিনেমাটির ইউনিট মহরত অনুষ্ঠানের আয়োজন করে।