ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করায় ব্যর্থ হওয়ায় তার দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামের বাসিন্দা সৈয়দ শরীফের কাছে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—নওপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আশরাফ হোসেন (৫০), আনোয়ার হোসেন (৪৫), নাউরী গ্রামের আশরাফ হোসেনের ছেলে ইমরান হোসেন ওরফে সিজার (৩৬), তানিম (৩৩) ও মৃত হোসেন আলীর ছেলে সুমে মিয়া (৫০)।
গত ৫ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে শরীফের মধুপুর বাজারের দোকানে এসে তারা আবারও চাঁদা দাবি করে। শরীফ অস্বীকৃতি জানালে মারধরের চেষ্টা হয়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায়। তবে অভিযুক্তরা ফের দোকান ভাঙচুর ও লুটের হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগ অনুযায়ী, ওই রাতেই দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরের চাল, বেড়া ও আসবাবপত্র নষ্ট করে এবং পণ্যসামগ্রী লুটে নেয়। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শরীফ গিয়ে দেখেন দোকান এলোমেলো ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
মধুপুর বাজারের ব্যবসায়ী আলীম উদ্দিন ও আব্দুল কাইয়ুম জানান, “শরীফ পরিবারের দোকানটি কয়েক দশক ধরে এখানে চলছে। কয়েকদিন আগে গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা দোকান ভেঙে সব মালামাল নিয়ে গেছে।”
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ