সীতাকুণ্ডে ন্যায্যমূল্যের চাল বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৪:৪৩ পিএম

সীতাকুণ্ডে ন্যায্যমূল্যের চাল বিক্রয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার সকাল ১১টায় সোনাইছড়ি গামারিতল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি গামারিতলে খাদ্যবান্ধব ৩০ টাকা দামের চাল বিক্রয়কে ঘিরে প্রভাব বিস্তার করতে গিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে অন্যদের মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় চাল বিতরণ সাময়িকভাবে বন্ধ করতে হয়।

এ সময় ট্যাগ অফিসার মৃত্রা বিশ্বাস আত্মরক্ষার্থে মসজিদে আশ্রয় নেন। বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার শর্ণা। 

তিনি বলেন, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই ঝামেলা সৃষ্টি হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।”

স্থানীয় প্রশাসন ও খাদ্য কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

ইএইচ