নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে সড়কে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন।
মানববন্ধনের সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা খাতুন, সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার এবং অভিভাবকদের পক্ষে শামসুল আলম, ফারুক আহমেদ খোকন, পপি আক্তার ও আসমা খাতুন বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন।
বক্তারা জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর চারপাশে সীমানা প্রাচীর না থাকায় গ্রামের লোকজন বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল করতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে লোকজন ও যানবাহন বৃদ্ধির কারণে বিদ্যালয়ের ভেতর দিয়ে সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি চলাচল করছে। এতে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষিকাদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।
বছর ২৪-এর প্রথম দিকে বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বাধার কারণে রাস্তার উপর দেয়াল নির্মাণ করা সম্ভব হয়নি। সম্প্রতি মোটরসাইকেল ও অটোরিকশার কারণে কয়েকজন শিক্ষার্থী মারাত্মক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচলরত রাস্তাটি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান।
ইএইচ