মধুপুরের সাংবাদিক বাবুল রানা আর নেই

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১১:১৭ পিএম

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মধুপুরবার্তা টোয়েন্টিফোর ডটকমের সহযোগী সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং রাজধানী টিভির মধুপুর প্রতিনিধি সাংবাদিক বাবুল রানা মারা গেছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

এর আগে, গত ২৫ আগস্ট রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি ঘটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইনসহ উপজেলার সকল গণমাধ্যমকর্মী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ইএইচ