সন্দ্বীপ পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদন কমিটির ১১তম মাসিক সভা বুধবার পৌরসভা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মংচিংনু মারমা।
সভায় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলররা, সন্দ্বীপ থানার ইনচার্জ (ওসি) তদন্ত জুয়েল, মহসিন আলম, আনোয়ার হোসেন, মাহমুদুল হক, নির্বাহী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম, নক্সাকার রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বিগত মাসের কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর মধ্যে রয়েছে— পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে কাঁচা ড্রেন নির্মাণ, হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী পরিবারকে ডাস্টবিন বিতরণ, সড়কের পাশে গাছের ডালপালা কর্তন, ৪ নম্বর ওয়ার্ডের তেজবাগ ব্রিজ দ্রুত সংস্কার, টাইফয়েড টিকাদান কার্যক্রম জোরদারকরণ, হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন, অচল সোলার লাইট সংস্কার, পৌর ওয়েবসাইট সচল করা, নিম্ন আয়ের মানুষের জন্য কেক তৈরির প্রশিক্ষণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ, প্রতিটি ওয়ার্ডের সালিশি বৈঠকে সন্দ্বীপ থানার একজন প্রতিনিধি অংশগ্রহণ।
পৌর প্রশাসক মংচিংনু মারমা সভায় বলেন, “পৌরবাসীর কল্যাণে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিক সেবার মান উন্নয়নে পৌরসভার সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।”
পৌরসভা কর্তৃপক্ষ আশা করছে, এসব সিদ্ধান্ত কার্যকর হলে নাগরিক সেবা সহজতর হবে এবং উন্নয়নের গতি আরও বেগবান হবে।
ইএইচ