সিলেটে বালু-পাথর উত্তোলনে ডিসির নিষেধাজ্ঞা জারি

সিলেট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৭:৩৩ পিএম

সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব কর্মকাণ্ডকে ‘সম্পূর্ণরূপে নিষিদ্ধ’ ঘোষণা করা হয়।

সিলেটের পাথর কোয়ারিগুলোর ইজারা প্রদান বন্ধ রয়েছে এবং উচ্চ আদালতেরও নিষেধাজ্ঞা বলবৎ আছে। তবুও বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও লুটপাট অব্যাহত রয়েছে।

নিষেধাজ্ঞা জারির কারণ সম্পর্কে ডিসি মো. সারওয়ার আলম বলেন, “যারা অবৈধভাবে এসব কর্মকাণ্ড করছে, তাদের স্মরণ করিয়ে দিতেই এ আদেশ। যাতে তারা এসব অবৈধ কাজ আর না করে।”

অফিস আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলার প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন ও পাচারে জড়িত রয়েছেন। এতে প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই সিলেট জেলায় এ কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এছাড়া, আদেশ অমান্য করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে গত শনিবার ভোলাগঞ্জের লুট হওয়া সাদাপাথর স্বেচ্ছায় ফিরিয়ে দিতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার সন্ধ্যার পর সেই সময়সীমা শেষ হয়েছে।

ইএইচ