বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:৫২ পিএম

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

সোমবার বিকেলে শহরের দশানি ট্রাফিক মোড়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মুহূর্তেই স্থানটি কয়েক হাজার নেতাকর্মীর মিলনমেলায় পরিণত হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। 

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।

বক্তব্যে কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের দমন-পীড়নে বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক হয়ে ভিআইপি মোড়, মিঠাপুকুরপাড়, শালতলা মোড় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

এতে অংশগ্রহণকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, দলীয় পতাকা ও নানা রঙের ফেস্টুন বহন করেন।

দীর্ঘদিন পর উন্মুক্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

ইএইচ