কুমিল্লায় ৬৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৫:১৯ পিএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‌্যাব-১১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর এলাকা থেকে ৬৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ আভিযানিক দল গত ১ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আসামি মো. নজির আহাম্মেদ (৪৪)। তিনি কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পশ্চিম ঝাকুনিপাড়া গ্রামের মো. মমিন মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মো. নজির আহাম্মেদ দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা ও দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে র‌্যাব-১১ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

র‌্যাব-১১ জানিয়েছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত তাদের অভিযানে ১৭৮ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৭৬ জন হত্যা মামলার আসামি, ৭৫ জন ধর্ষণ মামলার আসামি, ২৩ জন অস্ত্র মামলার আসামি এবং ৩৮৯ জনের বেশি মাদক কারবারী গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া ১০২টি অস্ত্র, ১৩৪২ রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদক ও ৭৩ জন অপহৃত ব্যক্তি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইএইচ