ঈশ্বরগঞ্জে ১ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার প্রস্তুতি

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৫:৫১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালেই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশের মতো ঈশ্বরগঞ্জেও ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের কনজুগেট টাইফয়েড ভ্যাকসিন (TCV) প্রদান করা হবে। 

এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১ লাখ ১৭ হাজার ৮৯৩ শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

টিকা গ্রহণে অভিভাবকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে সন্তানের ১৭-সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে এবং সেখান থেকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনহাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ইলিয়াস খান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুক্তা আক্তার এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল আউয়াল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, টাইফয়েড প্রতিরোধে একটি মাত্র ডোজ ভ্যাকসিন কার্যকর এবং এটি প্রায় ৮৫ শতাংশ শিশুকে এই সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে সুরক্ষা দিতে সক্ষম। টাইফয়েড সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায় এবং বর্তমানে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া অনেক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। তাই নির্ধারিত সময়ে শিশুদের টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ঈশ্বরগঞ্জের সব অভিভাবককে আহ্বান জানিয়েছে, নির্ধারিত সময়ে নিবন্ধন সম্পন্ন করে সন্তানদের টিকা গ্রহণ নিশ্চিত করুন।

ইএইচ