চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস শোভাযাত্রায় অতিরিক্ত ভিড় ও পদদলনের ঘটনায় কর্ণফুলীর আবিদ (১৭) গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে জীবন সংকটে রয়েছেন।
শনিবার দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রচণ্ড ভিড় ও গরমে অসুস্থ হয়ে এক পর্যায়ে পদদলিত হন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৌলানা আশরাফ আলী (রহ.) বাড়ির বাসিন্দা মোহাম্মদ আবিদ।
তিনি মাওলানা নাসির উদ্দিন ও জেসমিন আক্তারের বড় ছেলে এবং আনোয়ারা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, পদদলনের কারণে আবিদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
আবিদের পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিম জানায়, ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে কয়েকজন পড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
ইএইচ