নরসিংদীর রায়পুরায় শহীদ আবু সাঈদ স্কুলের নাম ফলক উন্মোচন করা হয়েছে।
সোমবার সকালে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নাম ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
এর আগে সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মা আশরাফুন্নেছার নামে ২০১৪ সালে মেথিকান্দা উত্তরপাড়ায় “আশরাফুন্নেছা পাবলিক স্কুল” নামে বিদ্যালয়টি পরিচালনা করা হতো। সোমবার থেকে বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে “শহীদ আবু সাঈদ স্কুল” নামে পরিচিত হবে।
ফলক উন্মোচন ও নাম পরিবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু দীপক দত্ত। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক হাবিবুর রহমান শাহীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, কেন্দ্রীয় মিলন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সবুজ নন্দী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, সাবেক ইউপি সদস্য সংকর লাল পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।
জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মরণে শহীদ আবু সাঈদের নাম অমর রাখতে বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে। শহীদ আবু সাঈদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী কণ্ঠস্বর ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্ম তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শহীদ আবু সাঈদের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয়ের নতুন নামকরণ শুধু শিক্ষার্থীদের নয়, পুরো রায়পুরাবাসীর জন্য গর্বের বিষয়।
ইএইচ