কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কাজে অনুপস্থিতি, গ্রাহকদের ভোগান্তি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:১২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে কর্মচারীরা গণছুটিতে থেকে কাজ করছেন না।

পল্লী বিদ্যুৎ কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে— বিদ্যুৎ বিভাগের গঠিত দুটি কমিটির প্রতিবেদন প্রকাশ, চুক্তিভিত্তিক মিটার রিডার, লাইন শ্রমিক ও বিলিং সহকারীদের নিয়মিতকরণ, অন্যায়ভাবে বরখাস্ত কর্মকর্তাদের পুনর্বহাল, জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

কালিয়াকৈর জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি জোনাল অফিসে মোট ২৬৪ কর্মচারীর মধ্যে ২০৬ জন অনুপস্থিত রয়েছেন। এতে বিদ্যুৎ সংক্রান্ত কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না।

ফুলবাড়িয়া অফিসের ডিজিএম আব্দুল খালেক জানান, তার অফিসে ৩১ জন কর্মচারী ছুটির আবেদন করেছেন। বর্তমানে শুধু একজন ক্যাশিয়ার দায়িত্ব পালন করছেন।
মৌচাক অফিসের ডিজিএম রফিকুল আজাদ বলেন, অফিসে মাত্র একজন লাইনম্যান কাজ করছেন। ভাড়া করে লোক এনে জরুরি কাজ চালাতে হচ্ছে।

চন্দ্রা অফিসের ডিজিএম জসিম উদ্দিন জানান, কর্মচারীদের কাজে ফেরানোর চেষ্টা চলছে, কিন্তু তারা দাবির পক্ষে অনড় রয়েছেন।

কালিয়াকৈর অফিসের ডিজিএম সাহারুল ইসলাম বলেন, অনুরোধ ও নির্দেশনা দিয়েও কর্মচারীদের কাজে ফেরানো যাচ্ছে না।

ঢাকা পল্লী বিদ্যুৎ-১ এর প্রধান কার্যালয় ও জ্বালানি মন্ত্রণালয় থেকে বারবার কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হলেও কর্মচারীরা তা মানছেন না।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, পল্লী বিদ্যুৎ অফিস থেকে কর্মচারীদের ছুটির তালিকা থানায় জমা দেওয়া হয়েছে। তারা এখনও কাজে যোগ দেননি।

অফিসগুলো প্রায় ফাঁকা থাকায় গ্রাহকরা জরুরি সেবা পাচ্ছেন না। কেউ কেউ বাইরে থেকে শ্রমিক এনে সাময়িকভাবে সমস্যার সমাধান করছেন। বিদ্যুৎ বিভ্রাট হলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ইএইচ