‎রংপুর স্টেডিয়ামের নতুন নাম এখন ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’

সুজন আহম্মেদ, ‎রংপুর প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:৩৯ পিএম

‎রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। দীর্ঘদিন ধরে ‘শেখ রাসেল স্টেডিয়াম’ নামে পরিচিত এ ভেন্যুটি নতুন নাম পেয়েছে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’।

‎জাতীয় ক্রীড়া পরিষদ গত ৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ২৩টি জেলা পর্যায়ের স্টেডিয়ামের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। এর অংশ হিসেবেই রংপুরের স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দ্রুত স্টেডিয়ামে নতুন নামের সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়। 

বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

এদিকে ‎নাম পরিবর্তনের খবরে স্থানীয়রা একদিকে আনন্দ প্রকাশ করলেও অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চনার কথাও সামনে এনেছেন। তাদের মতে, শুধুমাত্র নাম বদল করলেই রংপুরবাসীর প্রত্যাশা পূরণ হবে না। বরং আধুনিক ও আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলাই সময়ের দাবি।

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ ইমতি বলেন, “শুধু নামকরণে সীমাবদ্ধ না থেকে যদি স্টেডিয়ামের কাঠামোগত উন্নয়ন, আধুনিকীকরণ ও খেলাধুলার প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়, তাহলেই শহীদ আবু সাঈদের নাম সত্যিকারের মর্যাদা পাবে। রংপুরবাসীর বহুদিনের দাবি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। আমরা আশা করি সরকার এবার সেই দাবিকে বাস্তবে রূপ দেবে।”

‎উত্তরবঙ্গের অন্যতম প্রাণকেন্দ্র রংপুরে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ সবসময়ই প্রবল। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এখানকার প্রতিভাবান ক্রীড়াবিদরা অনেক সময় পিছিয়ে পড়েন। স্থানীয়দের মতে, যদি রংপুরে আধুনিক স্টেডিয়াম গড়ে ওঠে, তবে তা শুধু এ অঞ্চলের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে না, বরং জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

‎রংপুরবাসীর আশা, নতুন নামের আনুষ্ঠানিক ঘোষণার পর সরকার এখানকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।