ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে কুখ্যাত ছিনতাইকারী জসিমকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ওসি ডিবি আনোয়ার হোসেন ও তার টিম অভিযানটি পরিচালনা করেন।
জানা গেছে, কয়েকদিন আগে কাচারীঘাট বুড়াপীর মাজারের সামনে এক মেয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় জসিম তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির সময় মেয়েটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।
পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে গোয়েন্দা শাখাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। দীর্ঘ প্রচেষ্টার পর গত রাতে হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ফোনও উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ জানায়, জসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পুলিশ জনগণকে সতর্ক থাকার জন্য এবং এমন কোনো ঘটনা ঘটলে অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
ইএইচ