ঈশ্বরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ২০৪ শিক্ষার্থীর সংবর্ধনা

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:১২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মাজেদ বাবু ফাউন্ডেশন।

রোববার পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।

আয়োজক ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, আর প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী। 

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উক্তি সম্বলিত বই ও নোটবুক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি এমরান সালেহ প্রিন্স বলেন, “শিক্ষা শুধু চাকরি পাওয়ার উপায় নয়, এটি নৈতিক ও আদর্শ মানুষ গড়ে তোলার হাতিয়ার। আজকের সাফল্য কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। তোমাদের সততা, মেধা ও দেশপ্রেম একদিন জাতিকে গর্বিত করবে।”

প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “এই অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, এটি তাদের পরিবার, শিক্ষক সমাজ এবং দেশের গর্ব। আজকের সম্মাননা একটি সূচনা মাত্র; সামনে আরও দীর্ঘ পথ রয়েছে। স্বপ্ন দেখতে হবে বড় হতে হবে, তবে মানুষের প্রতি দায়িত্ব কখনও ভুলে যাওয়া যাবে না। একদিন ঈশ্বরগঞ্জ থেকে চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও নেতৃত্ব বের হবে যারা দেশের জন্য কাজ করবে। মাজেদ বাবু ফাউন্ডেশন সবসময় সেই স্বপ্ন পূরণে পাশে থাকবে।”

ইএইচ