সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:৩৫ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণে অন্তত ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন— দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, শহীদুর রহমান, মো. ফারুক, মো. হানিফ আলি ও মো. দুলাল।

চট্টগ্রাম শিল্প পুলিশের এএসআই জালাল উদ্দীন জানান, সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় গ্যাসের ছিটকে পড়া আগুনে ইঞ্জিন কক্ষে আগুন ধরে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কর্মরত ৮ জন শ্রমিক ঝলসে যায়।

পরে দগ্ধদের উদ্ধার করে বেসরকারি হাসপাতাল ইনসাফ ও ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। আহতদের মধ্যে মো. ফারুক (৩০) ও দুলালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

ইএইচ