আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।
শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন— পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, অ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, নীলকণ্ঠ আইচ মজুমদার, হাবিবুর রহমান হাবিব, উবায়দুল্লাহ রুমি এবং ওয়াইপিএজি কো-অর্ডিনেটর রাফসান আহমেদ রোমান। এ সময় দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ আঞ্চলিক ফিল্ড কো-অর্ডিনেটর আক্তারুজ্জামানও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়; এটি প্রতিষ্ঠিত হয় ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে। তরুণ প্রজন্মই সমাজে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে পারে। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সংঘাতের পরিবর্তে সংলাপ ও সহযোগিতার পথে এগিয়ে আসতে হবে।
ইএইচ