সিলেটে অটোরিকশার চার্জিং পয়েন্টে এসএমপির অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিলেট প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:২৩ পিএম

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটমের চার্জিং পয়েন্টে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

নগরীর রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সোমবার থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

এ সময় চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মিটার খুলে নেওয়া হয়।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছিল। এতে একদিকে ট্রাফিক আইন ভঙ্গ হচ্ছিল, অন্যদিকে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল। পাশাপাশি জনভোগান্তির সঙ্গে পরিবহন খাতে অরাজকতাও সৃষ্টি হচ্ছিল।

অভিযানের সময় নগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে এসব যানবাহন শনাক্ত করে চার্জিং সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে মুহূর্তেই অনেক অটোরিকশা ও টমটম সড়কে থেমে যায়। এতে চালক ও যাত্রীদের দুর্ভোগ বাড়লেও নগরীর সড়ক কিছুটা স্বাভাবিক হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে এ অভিযান চালানো হবে। যারা নিয়ম ভেঙে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযানের তৃতীয় দিনে বুধবার প্রথম পালে ৪৫টি যান আটক করা হয়। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে। এছাড়া আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়।

সোমবার অভিযানের প্রথম দিনে ৮৭টি যান আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনে আটক করা হয় ১০৫টি যান এবং দায়ের করা হয় ৩২টি মামলা।

ইএইচ