রাজবাড়ীর কালুখালীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। অবশেষে ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন (৭৯৫/৭৯৬) নিয়মিতভাবে কালুখালী রেলওয়ে স্টেশন জংশনে যাত্রাবিরতি শুরু করেছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস থামে কালুখালী রেলওয়ে স্টেশনে।
এ সময় স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন।
প্রথম যাত্রাবিরতির দিনে যাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। ট্রেনের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শরিফুজ্জামানসহ কর্মকর্তাদের ফুল ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মণ্ডল, হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, খোন্দকার মোস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব ও সেক্রেটারি আবু সাঈদ মোল্লা নিলু, কালুখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম মণ্ডল, শিক্ষক মাওলানা আ. ওহাব, হানিফ খান, ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা আজমীর হোসেন খান, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাদশা খান, যুবদল নেতা হানিফ মণ্ডল, রফিকুল ইসলাম রকি এবং কালুখালী প্রেসক্লাবের সদস্য মোখলেছুর রহমান, রাকিবুল ইসলাম, আদম আলী, বোরহান উদ্দিন বিপ্লব, এনামুল মণ্ডলসহ বিভিন্ন এলাকার শত শত মানুষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এখন থেকে নিয়মিতভাবে বেনাপোল এক্সপ্রেস কালুখালী জংশনে থামবে। বুধবার ছাড়া প্রতিদিন দুপুর ১২টা ২৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি বিকেল ৫টা ১০ মিনিটে কালুখালী পৌঁছাবে। অপরদিকে রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনটি রাত ২টা ২০ মিনিটে কালুখালীতে পৌঁছাবে।
স্থানীয়রা জানান, বহুদিনের দাবি পূরণ হওয়ায় তারা ভীষণ আনন্দিত। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ইএইচ