কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাবার মৃত্যুশোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছেলে বিজয় কুমার বিশ্বাস (৩২)।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবর দিবাগত রাত আড়াইটার দিকে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে। তিনি পেশায় জেলে ছিলেন।
শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিজয় কুমার বিশ্বাসের বাবা শম্ভু চরণ বিশ্বাস (৭২) পূজা উপলক্ষে বাড়ির একটি পোষা ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজারে বিক্রি করেন। রাত সাড়ে নয়টার দিকে বিজয় তার বাবার কাছে ছাগলের বিক্রির অর্ধেক টাকা চায়। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলের মধ্যে তর্ক হয়, এক পর্যায়ে বাবা শম্ভু চরণ অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে শম্ভু চরণ মারা যান।
বাবার মৃত্যুশোক সইতে না পেরে দিবাগত রাত আড়াইটার দিকে বিজয় বাড়ির পেছনে একটি বাদাম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, “সুষ্ঠু তদন্তের স্বার্থে বাবা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
ইএইচ