মহম্মদপুরে শারদীয়া মহাষ্টমী পূজায় ভক্তসমাগমে উৎসবের আমেজ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১১:২৮ এএম

মহম্মদপুরে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পূজা উপলক্ষ্যে মঙ্গলবার পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ছিল দেবী দুর্গার বন্দনায় ভক্তদের ভিড়। ভক্তরা দেবীকে অঞ্জলি প্রদান ও পূজার্চনায় অংশ নিয়ে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

স্থানীয়রা জানান, প্রতিটি মণ্ডপে সকালে মহাষ্টমীর অঞ্জলি, হোম-যজ্ঞ ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মহাষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজাকে ঘিরে উপজেলা সকল মন্দিরগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা বাহিনী দায়িত্ব পালন করছে।

ভক্ত-দর্শনার্থীরা জানিয়েছেন, মহাষ্টমী হলো দুর্গোৎসবের প্রাণকেন্দ্র। এই দিনে মা দুর্গার মহাশক্তির আরাধনা করা হয়। দিনভর অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান পূজামণ্ডপগুলোকে উৎসবমুখর করে তোলে।

সন্ধ্যায় আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলো-সজ্জায় রঙিন হয়ে উঠবে মহম্মদপুরে উপজেলার আট ইউনিয়নের সকল পূজা মণ্ডপ।

জেএইচআর