রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় কাপ্তাইয়ের ৮টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়।
এ সময় হাজার হাজার ভক্তের জয়ধ্বনি এবং ঢাক-ঢোলের শব্দে কর্ণফুলী নদীর দু’পাশ মুখরিত হয়ে ওঠে। প্রতিমা বিসর্জন দেখতে কর্ণফুলী নদীর দু'পাড়ে হাজারো মানুষের সমাগম হয়।
প্রতিমা বিসর্জনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এসময় তিনি বলেন, দুর্গা পূজা একটি সার্বজনীন উৎসব। এখানে সকল সম্প্রদায়ের লোকজন একত্রে মিলেমিশে এই পূজা উদযাপন করে থাকে। এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।
কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির সহ-সমন্বয়ক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য এবং শিল্পী প্রদীপ মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, কাপ্তাই উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব লোটাস ভট্টাচার্যসহ বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী-পেশার লোকজন।
শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক এবং উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক জগদীশ দাশ দাশ ও সদস্য সচিব এবং কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। সমাপনী বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক এবং কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য।
এর আগে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিবু জলদাসের অনবদ্য ঢোল বাদন এবং নৃত্য ও গানের অপূর্ব ঝংকারে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
ইএইচ