হাতীবান্ধায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে গণমিছিল

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৬:৪১ পিএম

দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও অবিলম্বে তিস্তা চুক্তি কার্যকর করার দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গণমিছিল ও জনসভা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

বৃহস্পতিবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র নেতৃত্বে হাতীবান্ধা হেলিপ্যাড মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়।

গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সহুর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে জনসভায় মিলিত হয়।

আন্দোলনকারীরা জানান, তিস্তা নদী তীরবর্তী মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। তিস্তা চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও মহাপরিকল্পনা না থাকায় এ অঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পূর্ব ঘোষিত তিস্তা মহাপরিকল্পনা সরকারী অর্থে দ্রুত বাস্তবায়ন ও তিস্তার পানি চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি উঠে তিস্তাপাড় তথা গোটা দেশে। তারই অংশ হিসেবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি রংপুর বিভাগের ৮ জেলার উপজেলায় গণমিছিলের আয়োজন করে। দাবি আদায়ে আগামী ১৬ অক্টোবর ১০টি উপজেলার ১১টি স্থানে মশাল প্রজ্বলন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি দ্রুত বাস্তবায়ন, দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর করা, তিস্তাপাড়ের পাঁচ জেলার জীববৈচিত্র্য ও কৃষি রক্ষা, প্রায় দুই কোটি মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ।

হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জনসভায় বক্তব্য রাখেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দ।

উত্তরাঞ্চলের কোটি মানুষের দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। অন্যথায় দাবি আদায়ে দুর্বার আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

ইএইচ