এনসিপি নেতা-কর্মী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে বাস চলাচল বন্ধ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০২:২৩ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।

ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশে রোববার ভোর থেকে এই কর্মসূচি শুরু হয়।

ফলে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস চলাচলও বন্ধ রয়েছে। 

এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকায় কর্মরত অনেকে বিকল্প যানবাহনে রাজধানীতে ফেরার চেষ্টা করছেন।

এর আগে, গত শুক্রবার রাতে জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন রাত ৮টার দিকে এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা ময়মনসিংহ শহরের ইউনাইটেড পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে অবস্থান নেন।

খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় জুলাইযোদ্ধার সঙ্গে খারাপ আচরণের অভিযোগে একজন শ্রমিককে আটক করে পুলিশ। তবে চার দফা দাবিতে এনসিপি নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

এর পরদিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাসকান্দা বাস টার্মিনালে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের কাউন্টারের সামনে এনসিপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা ছাদর পেতে অবস্থান কর্মসূচি শুরু করেন।

তাদের পেছনে টাঙানো ব্যানারে ছিল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক ও জুলাই আন্দোলনের শহীদ রিদোয়ান হোসেন সাগরের ছবি। ব্যানারে লেখা ছিল—
“শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ময়মনসিংহের আত্মস্বীকৃত আওয়ামী গডফাদার আমিনুল হকের (শামীম) মালিকানাধীন সব পরিবহন বন্ধসহ অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে অবস্থান ধর্মঘট।”

ইএইচ