পঞ্চগড়ে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আবু নাঈম, পঞ্চগড় প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:৫৬ পিএম

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী।

রোববার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

এর আগে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

এতে অংশ নেন— জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন।

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করছি। আমাদের দাবিগুলো হলো—আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত বা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় প্রক্রিয়া আর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।”

ইএইচ