পাটগ্রামে কালভার্টের সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মেরামত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৫:২২ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৮ নং বুড়িমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পন্ডিতের বাড়ি এলাকায় একটি কালভার্টের সংযোগ সড়ক সম্প্রতি পানির স্রোতে ভেঙে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার স্কুল শিক্ষার্থীসহ স্থানীয়রা।

রোববার সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভেঙে যাওয়া কালভার্টের সংযোগ সড়কটি নিজ হাতে মেরামত করে দেন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি অতিবৃষ্টির কারণে ওই স্থানে যে কালভার্ট রয়েছে সেটি দিয়ে পর্যাপ্ত পানি প্রবেশ করতে পারে না। ফলে অতিরিক্ত পানির চাপে সংযোগ সড়কটির একপাশের মাটি ধসে ভেঙে যায় এবং বড় গর্ত সৃষ্টি হয়। এর ফলে পাশে থাকা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, যানবাহন চলাচলসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

ওই এলাকার কয়েকজন স্কুল শিক্ষার্থী জানান, রাস্তা ভেঙে গর্ত তৈরি হওয়ায় তাদের স্কুল যাতায়াতের অনেক কষ্ট হয়। অনেকেই ওই গর্তের মধ্যে পড়ে যায়। বৃষ্টি হলে কষ্ট আরও বেড়ে যায়। রাস্তা মেরামত হওয়ার কারণে তারা খুশি।

ওই এলাকার বাসিন্দা আসমত আলী (৫৫) বলেন, “দীর্ঘদিন ধরে কালভার্টের এই ভাঙা রাস্তাটি মেরামত না হওয়ায় আমাদের চলাফেরায় খুব কষ্ট হয়েছিল। আজকে বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ছেলেরা ভাঙা রাস্তাটি নিজেরাই মেরামত করে দিলো। আমরা এলাকাবাসী খুশি।”

বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সিদ্দিক বলেন, “বুড়িমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালভার্টের এই সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে ভেঙে রয়েছে। এতে স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসী চলাচল করতে খুবই কষ্ট হয়। আমরা বিষয়টি জানার পর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আমাদের সবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙা সড়কটি মেরামত করেছি।”

এ সময় বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ