ভেড়ামারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে গুরুতর আহত ৩

হেলাল মজুমদার, ভেড়ামারা প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৪:০৮ পিএম

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইলে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাক ও সিএনজির সংঘর্ষে সিএনজির চালক দবির খা (৩০) এবং সিএনজির যাত্রী রুবাইয়া (৩০), সাথী খাতুন (৪০) ও জুবাইদা (১৫) গুরুতর আহত হয়েছেন। যাত্রী ও সিএনজি চালকের বাম হাতের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার দুপুর ১২টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশনের সামনে গাংনী থেকে যাত্রীসহ ছেড়ে আসা সিএনজি এসে কুষ্টিয়া-পাবনা হাইওয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক দবির খাঁর বাম হাত সম্পূর্ণ কেটে যায়। সিএনজির ভেতরে বসে থাকা যাত্রী সাথী খাতুন (৪০), রুবাইয়া (৩০) ও জুবাইদা (১৫) গুরুতর আহত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, “সিএনজি এবং ট্রাকের সংঘর্ষে সিএনজি ড্রাইভারসহ তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

হাইওয়ে পুলিশ এসআই জয়দেব জানান, আহত যাত্রী ও সিএনজি চালককে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ