কেন্দুয়ায় ড্রেইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি  প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৪:৩৯ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী গ্রামে ধানক্ষেতের ড্রেইন থেকে মারুফ হাসান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মারুফ হাসান ওই গ্রামের হাদিস মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে মারুফ নিজ বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। রাত আনুমানিক ১টার দিকে ৪-৫ জন স্থানীয় বাসিন্দা সাইডুলি নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে আবুল হাসেবের ধানক্ষেতের ড্রেইনে একজন মানুষকে পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি অবহিত করেন স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়াকে। পরে তিনি কেন্দুয়া থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) মিহির রঞ্জন দেব, এসআই ইমন পাল, এসআই জাহিদ হাসান রানা এবং ডিউটিরত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, আমরা রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর