জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চুড়াকেশবপুর (লালব্রিজ) এলাকার একটি জলাশয় থেকে ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে মৎস্য সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। জব্দকৃত জালসমূহ ঘটনাস্থলেই জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য অফিস সূত্রে জানা যায়, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
তবে অভিযানকালে জালের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে এসময় উপস্থিত ছিলেন: পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, পাঁচবিবি থানার এসআই মো. আনোয়ার হোসেন, পজেলা প্রশাসনের অফিস সহকারী মো. সামছুল আলম।
ইউএনও রোমানা রিয়াজ বলেন, মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে জাল ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারী জালের ব্যবহার আইনগতভাবে নিষিদ্ধ। এই ধরনের অভিযান মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
জেএইচআর