মাটিরাঙ্গায় শীতকালীন শাকসবজির বীজ ও বিনামূল্যে সার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৬:৫৩ পিএম

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার সবুজ আলী।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগীরা।

অর্থবছরে ২৮০ জন কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ ও বিনামূল্যে সার বিতরণ করা হয়। এর মধ্যে বসত বাড়িতে শীতকালীন শাকসবজি চাষের জন্য ১০০ জন কৃষককে বীজ দেওয়া হয়। মাঠে চাষের জন্য ১৮০ জন কৃষককে বিভিন্ন সবজির বীজ সরবরাহ করা হয়। এই ১৮০ জনের প্রত্যেককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান সরকারের সীমিত সম্পদকে সর্বোচ্চ কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে কৃষি অফিস থেকে প্রাপ্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান। 

তিনি কৃষকদের বলেন, যে কোন পরামর্শ গ্রহণের জন্য কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও, পরিকল্পিতভাবে সবজি চাষাবাদ করলে মাটিরাঙ্গা উপজেলার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা পূরণে সহায়তা করবে এবং অন্যত্র রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

ইএইচ