রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের চরাঞ্চলে বিনামূল্যে মুরগী ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের চরাঞ্চলের ৮০টি পরিবারের মাঝে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে ২৫ পিস করে উন্নত জাতের মোরগ ও মুরগী বিতরণ করা হয়।
এ সময় কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, সরকার আপনাদের স্বাবলম্বী করতে বিনামূল্যে মুরগী ও খাবার বিতরণ করছে। আপনারা সঠিকভাবে পরিচর্যা করে লালন পালন করলে আর্থিকভাবে স্বচ্ছলতা আনতে পারবেন।
উল্লেখ্য, ইতিপূর্বে বিতরণকৃত ৭৫জন ভেড়া পালনকারীকে খাবার প্রদান করা হয়েছিল এবং নতুনভাবে ৮০জন মুরগী পালনকারীর মাঝে ২৫ কেজি করে খাবার বিতরণ করা হয়েছে।
ইএইচ