সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা শেষে নদীতে ফিরেছে জেলেরা

সীতাকুণ্ড প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৮:০৬ পিএম

সীতাকুণ্ড বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে সমুদ্র মা মাছ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরা শুরু করেছে জেলেরা।

গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি ছিল। এই নিষেধাজ্ঞা কার্যকর রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটে-ঘাটে অভিযান পরিচালিত হয়। 

নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪০টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৭.৫ মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ, ৪৪ হাজার মিটার দৈর্ঘ্যের জাল, ৫ হাজার মিটার দৈর্ঘ্যের ১৫টি চিংড়ি পোনা জাল, ৩৩ হাজার মিটার দৈর্ঘ্যের ১৬টি ইলিশ মাছ ধরা জাল জব্দ করা হয়। 

এছাড়াও ১৫টি বোট মালিককে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ জন আটককৃত জেলের মধ্যে ১৪ জনের কাছ থেকে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং তিন মামলায় ৬ জন জেলেকে হাজতে প্রেরণ করা হয়েছে।

২২ দিনের অভিযানের মাধ্যমে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লা।

তিনি বলেন, “মা মাছ রক্ষায় নৌ পুলিশের কঠোর নজরদারি ছিল। নৌ পুলিশের সহায়তায় জাল, জেলে, নৌকা ও মাছ জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের জরিমানা করা হয়েছে।”

মোবাইল কোর্টে সহায়তা করেছেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন।

ইএইচ