নতুন কাঠের সেতু পেয়ে স্বস্তি ফিরেছে ২১ গ্রামে মানুষের

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৩:২৯ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গণেশ্বরী ঢেকনী নদীর ওপর নড়বড়ে কাঠের সেতু সংস্কার হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ২১টি গ্রামে।

সোমবার সকালে ওই সেতুর উদ্বোধন করেছে স্কুল-মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা। 

এ সময় আশপাশের স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

জানা গেছে, কলমাকান্দার তিনটি ইউনিয়নের দুই শতাধিক মানুষ গণেশ্বরী নদীর ওপর দিয়ে প্রতিদিন পারাপার হয়। কিন্তু নড়বড়ে সেতু থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল এলাকার স্থানীয়রা। অবশেষে সাত ফুট চওড়া ও ১৬৫ ফুট লম্বা এই সেতুর সংস্কারের উদ্যোগ নেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নতুন করে সেতু সংস্কারের ফলে যাতায়াত সহজ হয়েছে লেংগুড়া, নাজিরপুর এবং খারনৈ তিনটি ইউনিয়নের।

নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুপুতী ঘাগ্রা বলেন, “সেতুটি এক সময় নড়বড়ে অবস্থায় ছিল। সম্প্রতি সেতুটি সংস্কার হয়েছে। এতে আমাদের ছোট শিক্ষার্থীরা নির্ভয়ে চলাচল করতে পারবে।”

সরেজমিনে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে সেতু উদ্বোধন করতে অংশগ্রহণ করেছে স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীসহ সাধারণ জনগণ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

ইএইচ