একটির পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
অজ্ঞাত এক নারীকে একটি হত্যা মামলার বাদী সাজিয়ে শেখানো বক্তব্য রেকর্ড করে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় টুকু সমর্থকদের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
নেতাকর্মীদের দাবি, সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ইতিপূর্বেও একটি স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটনা চালিয়েছে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে কাজ করছেন।
এ ব্যাপারে রাতেই টুকু টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এতে টুকু উল্লেখ করেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় নিজ বাসায় অবস্থানকালে তার হোয়াইটস অ্যাপে একটি অডিও বার্তা আসে। এতে দেখা যায়, দৈনিক বাংলা সময়ের সাংবাদিক পরিচয়ধারী জসিম হত্যার কথিত বাদিকে উদ্দেশ্যমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে টুকুর বিরুদ্ধে মিথ্যা তথ্য আদায় করা হয় এবং একটি অডিও রেকর্ড করা হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সম্পূর্ণ রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করা হয়েছে।
ভবিষ্যতে তথ্য-উপাত্তের ভিত্তিতে এ ব্যাপারে নিয়মিত মামলা করা হবে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু।
ইএইচ