জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: কর্ণফুলীতে সমন্বিত পদক্ষেপের আহ্বান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৫:৪০ পিএম

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ছে নানা ধরনের রোগব্যাধি ও স্বাস্থ্যঝুঁকি। এই বাস্তবতায় সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্ণফুলীতে অনুষ্ঠিত হয়েছে এক সমন্বয় সভা।

বুধবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যও মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।

সভায় প্রধান অতিথি ও সভাপতিত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছা. জেবুন্নেছা। 

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু ও টাইফয়েডসহ নানাবিধ রোগের প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সেবা ও জনসচেতনতা একসঙ্গে এগিয়ে নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তাসিন, ডা. আরিফা সুলতানা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প আনোয়ারা অফিসার মো. শাহজাহান, টাইফয়েড ও ম্যালেরিয়া প্রোগ্রাম ম্যানেজার কর্ণফুলী মো. খুরশিদ আলম, সাংবাদিক ও উপজেলা এনজিও সমন্বয়ক ওসমান হোসাইন, উপজেলা ছাত্র প্রতিনিধি মো. জাবেদ ও মো. আরিফ, এবং স্থানীয় ঈমান স্বাস্থ্যকর্মীবৃন্দ।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, বিশুদ্ধ পানির অভাব ও খাদ্য নিরাপত্তার সংকট দেখা দিচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। তারা এসব ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর জোর দেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় যৌথভাবে কর্ণফুলীতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ